ঢাকায় লিট ফেস্ট কেন করা হয়? ।। তালাশ তালুকদার

যারা নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিয়ে অন্যের সংস্কৃতিকে প্রমোট করে তারাই বণিকশ্রেনী। এরা এতোটাই লোভী শ্রেণীর যে, নিজের সংস্কৃতিকে বিকিয়ে দিয়ে হলেও ব্যক্তিস্বার্থকে রক্ষা করবে তারা। আমি যেহেতু বিদেশী আগ্রাসন নীতির বিরোধীতাকে সমর্থন করি সেহেতু ঢাকা লিট ফিস্টের বিরোধীতাও করি। কেননা, এই ঢাকা লিটফিস্টের আয়োজন মানে নিজস্ব কৃষ্টিকালচারের উপর আঘাত।

যদি নিজস্ব সংস্কৃতিকেই প্রেজেন্ট না করা যায় তাহলে ঐ লিট ফিস্ট দিয়ে কি করবে বাংলাদেশ? ইংরেজি দিয়ে বাংলা সাহিত্যকে চেনানোর কিছু নাই। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষায় সাহিত্য রচনা করেই বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। মাইকেল বুঝতে পেরেছিলেন বাংলার ভাষার লোক হয়ে ইংরেজিতে লিখে লাভের লাভ কিছু হয়না বরং নিজ ভাষাটাকে ছোট করা হয় একারণে উনিও ইংরেজি লেখা বাদ দিয়ে বাংলা ভাষায় ফিরে এসেছিলেন। মাইকেলের কাজের কাজ বাংলাতেই হয়েছিল।

নিজস্ব ভাষাটারে ছোট করে অন্যকে মর্যাদা দেয়ার কিছু নাই। আগে নিজকে মর্যাদা, মহিমান্বিত করা দরকার। যদি নিজকে মর্যাদা দেয়া যায় তাহলে অন্যের কাছ থেকেও মর্যাদা আদায় করা যায়। নিজকে ছোট করে অন্যের গোলামী করাটা মেরুদন্ডহীনতার লক্ষণ। এ বিষয়টা শুধু গোলামীর ব্যাপারের ভেতরেই সীমাবদ্ধ না। এর ভেতরে সূক্ষ্ম রাজনীতিও আছে। আর সে রাজনীতি হইলো আধিপত্যবাদের রাজনীতি। তারা বোঝাতে চায় যে, ইংরেজি ভাষার সাহিত্য তো আসল সাহিত্য। এসবের বাইরেও আরো অনেক অভিযোগ, অবহেলা, অপমানকে  মেনে নিয়েও জনবিচ্ছিন্ন এলিটীয় সাহিত্য উৎসবে আপনি কেন যাবেন? 

আপনি কি এলিট শ্রেণীর কেউ?


মন্তব্যসমূহ